একবার এক মরুপ্রান্তরে হযরত বড়পীর সাহেব রহমতুল্লাহি আলাইহি ভ্রমণ করছিলেন। ইবাদত-বন্দেগী ও ধ্যান সাধনার এক বিশেষ ক্ষণে অদৃশ্য থেকে আওয়াজ এলো!
হে আবদুল কাদের বড়পীর সাহেব রহমতুল্লাহি আলাইহি! আমি তোমার প্রতি সন্তুষ্ট। সাধনার মাধ্যমে তুমি আজ এমন এক পর্যায়ে উপনীত হয়েছ যে, আমি আল্লাহ পাক তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গিয়েছি। অতএব, এখন থেকে শরীয়তের কোন বিধান তোমার উপর বাধ্যতামূলক নেই। তুমি ইবাদত কর বা না কর, এতে কিছু আসবে যাবে না। যে কোন ধরনের কাজে তুমি এখন থেকে স্বাধীন।
এ ধরনের কথা শুনে হযরত বড়পীর সাহেব রহমতুল্লাহি আলাইহি খুব দৃঢ়তার সাথে ‘লা-হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ’ পড়লেন। অদৃশ্য আওয়াজটি বন্ধ হয়ে গেল। তিনি বলতে লাগলেন হে অভিশপ্ত শয়তান, তোর কুমন্ত্রণা থেকে আমি আল্লাহ পাক উনার নিকট আশ্রয় প্রার্থনা করি। তোর এ প্রস্তাব শুনেই আমি বুঝতে পেরেছি যে, এ তোর ভয়াবহ কৌশল। আমাকে বিপথগামী করার এক মারাত্মক কূটকৌশল। কেননা, পবিত্র কোরআন শরীফ উনার মধ্যে রয়েছে, আল্লাহ পাক কোন মানব সন্তানের সাথে সরাসরি কথা বলেন না। তাছাড়া সাধনার কোন পর্যায়েই ইবাদ-বন্দেগীর দায়িত্ব কারো উপর থেকে তুলে নেয়া হয় না। শরীয়ত অমান্য করার নির্দেশ আল্লাহ পাক কখনও কোন ব্যক্তিকে দেন না। তোর আওয়াজ শোনা মাত্রই আমি বুঝতে পেরেছি যে, এমন বাণী অবশ্যই আল্লাহ পাক উনার পক্ষ থেকে আসতে পারে না। এ নিশ্চয়ই শয়তানের কৌশল।
এ কথা শুনে শয়তান বলল, এ ধরনের কথা বলে এর আগে আমি অনেক আলেমদের সর্বনাশ করেছি। আজ আপনি নিজ প্রজ্ঞা, ইলিম ও উচ্চপর্যায়ের আল্লাহ ওয়ালা বলেই রক্ষা পেয়ে গেলেন, হে যুগশ্রেষ্ঠ ওলী!
তখন এ কথা শুনে হযরত বড়পীর সাহেব রহমতুল্লাহি আলাইহি আবার পড়লেন ‘লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ’। অর্থাৎ আল্লাহ পাক উনার খাস রহমত ছাড়া ধূর্ত, প্রতারক, শয়তান থেকে বেঁচে থাকার কোন শক্তি ও ক্ষমতা আমার নেই।ঘটনার শেষে পুনরায় এসে তুই আমাকে নতুন করে আবার ধোঁকা দেয়ার চেষ্টা করছিস হে বিতাড়িত শয়তান। তুই বুঝাতে চাইছিস যে, আমার ইলিম দ্বারা আমি রক্ষা পেয়েছি। অথচ আমি যে দোয়াটি পড়েছি, এতে বলা আছে ‘আল্লাহ পাক উনার সাহায্য ও করুনা ছাড়া রক্ষার কোন উপায় বান্দার নেই। এ মন্তব্য শুনে শয়তান বলল, সত্যিই আপনি আল্লাহ পাক উনার প্রকৃত খাস বান্দা। কোনভাবেই আমি আপনাকে বিভ্রান্ত করতে পারলাম না। একথা বলে শয়তান ব্যর্থ হয়ে দূরে সরে গেল।
সুবাহানাল্লাহ।

No comments:
Post a Comment